কক্সবাজার সৈকতের ঝাউগাছে সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের সৈকতের শৈবাল পয়েন্টে এক সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানের ভেতরে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে পরিচয় শনাক্ত হয়।
নিহত যুবক মোহাম্মদ নুরুল আমিন (২৫) উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের মৃত জুনু মিয়ার ছেলে। তিনি জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তার পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকিট পাওয়া গেছে, যাতে ৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটের যাত্রা সময় উল্লেখ ছিল।
তবে সহকর্মী সাংবাদিকরা আমিনের মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করেছেন। উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ফেসবুকে লিখেছেন, “রাতে গাড়িতে চড়ে কক্সবাজার পৌঁছে সকালে সৈকতের ঝাউগাছে ঝুলছে বালুখালীর সন্তান নুরুল আমিনের দেহ! তিনি রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন, পাশাপাশি লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। স্থানীয়ভাবে বড় কোনো শত্রুতা জানা না গেলেও ইয়াবা কারবারিদের বিরুদ্ধে রিপোর্ট করায় কিছু দুর্বৃত্ত তার ওপর ক্ষিপ্ত ছিল। মৃত্যুর আগে তিনি ভিডিও বার্তায় নিজের জীবনের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। তার সেই ভিডিওর সূত্র ধরে অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে।”
রাসেল চৌধুরী নুরুল আমিনের মৃত্যুর রহস্য উদঘাটন এবং খুনি চক্রকে চিহ্নিত করে পর্যটন শহরকে নিরাপদ রাখার দাবি জানান।
এসইউটি/
















