মাতারবাড়ীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন
- আপডেট সময় : ১২:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

মহেশখালীর মাতারবাড়ীতে সরকারি অনুমোদিত ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইউনিয়নের পুরান বাজারস্থ মজিদিয়া মার্কেটে অবস্থিত আইল্যান্ড কম্পিউটারে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মাষ্টার জাকের হোছাইন এবং পরিচালনা করেন ডাক্তার ইয়াকুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ভেন্ডার রফিকুল ইসলাম ও মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাষ্টার আলাউদ্দিন প্রমুখ।
ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ ইকবাল বাহার জানান, সরকারি নীতিমালার আলোকে সকল প্রকার ভূমিসেবা দ্রুত, নির্ভুল ও হয়রানিমুক্তভাবে প্রদান করা হবে।
প্রধান অতিথি আবু জাফর মজুমদার বলেন, এ কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত অনলাইন সেবাগুলো আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। সরকার নির্ধারিত ফি গ্রহণের কারণে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকবে না, ফলে সাধারণ মানুষ প্রকৃত উপকার পাবেন।
ভূমিসেবা কেন্দ্র থেকে নাগরিকরা ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, খতিয়ান (পর্চা) সংগ্রহ, জমির ম্যাপ গ্রহণ, কাজনা পরিশোধ এবং দলিল ও চুক্তিনামা কম্পোজের মতো সেবা নিতে পারবেন। স্থানীয়দের মতে, এটি সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে সময় ও খরচ সাশ্রয় করবে।
এসইউটি/
















