কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিক্ষোভ, ৩ কিলোমিটার যানজট
- আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধে চার ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে শত শত যান আটকা পড়ে এবং প্রায় তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী শিক্ষকরা জানান, অর্থ সংকটের অজুহাতে দাতাসংস্থা ইউনিসেফসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান তাদের চাকরি টালবাহানা করছে। দীর্ঘদিনের আন্দোলন ও প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সমাধান না হওয়ায় পুনরায় তারা সড়কে নেমেছেন।
স্থানীয় শিক্ষকদের প্রতিনিধি সাইদুল ইসলাম শামীম বলেন, “আমরা দাবি করছি চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করা হোক এবং ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হোক।”
অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ক্যাভার্ডভ্যান চালক ইদ্রিস বলেন, “দেড় ঘণ্টা ধরে যানজটে আটকা আছি। দুর্ভোগের শেষ নেই।” স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, “তিন কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিছু এনজিও কর্মী ক্যাম্পে যাওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারীদের বাধার কারণে তারা ঢুকতে পারেননি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব গণমাধ্যমকে বলেন, “আমরা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করছি।”
উল্লেখ্য, অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় ১২০০ স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। তবে অভিযোগ রয়েছে, বেতন বৃদ্ধির দাবি জানানোয় মূলত তাদের ছাঁটাই করা হয়েছে। অন্যদিকে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল রয়েছেন।















