মসজিদের ভেতর নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার চরগাঁও গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মজিবুর রহমান (৬০)। অভিযুক্ত বড় ভাই লুৎফুর রহমানকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। নিহত ও ঘাতক উভয়েই একই গ্রামের কামরু মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন এশার আজানের পর মজিবুর রহমান মসজিদে নামাজ পড়তে গেলে তার বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। নামাজরত অবস্থায় গুরুতর আহত হন মজিবুর।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে সিলেটে রয়েছে।













