কক্সবাজারে জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতা রহিম উদ্দিনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াতপন্থী নেতাদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ভারুয়াখালীর ফাতেরঘোনা এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।
পরিবারের দাবি, জমি সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে স্থানীয় জামায়াত নেতা ও ইউনিট সভাপতিসহ কয়েকজন পরিকল্পিতভাবে রহিম উদ্দিন ও তার স্বজনদের ওপর হামলা চালায়। ঘটনার দিন জাহেদ নামে এক ব্যক্তি প্রথমে রহিমের এক আত্মীয়ের গতিরোধ করে মারধর করেন। খবর পেয়ে রহিম উদ্দিন সেখানে গেলে তাকে ও তার সঙ্গীদের ওপর হামলা চালানো হয়।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে রহিম উদ্দিনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগে তিনি লাইফসাপোর্টে ছিলেন।
ভাইয়ের মৃত্যুর বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান অভিযোগ করেন, ফাতেরঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমান, তার জামাতা মিজান, সহযোগী মুজিব ও এনাম হামলায় সরাসরি জড়িত। তিনি বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
এদিকে এ ঘটনায় কক্সবাজার জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস বলেন, পূর্বের একটি মামলাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। এ ঘটনায় মিজান নামে একজনকে আটক করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।














