চট্টগ্রামে সরকারের গায়েবানা জানাজা, শিক্ষার্থীদের বিশেষ মোনাজাত
- আপডেট সময় : ০৮:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে গায়েবানা জানাজা পড়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীতে বুয়েট শিক্ষার্থীদের ওপর হা’ম’লার প্রতিবাদে এবং তিন দফা দাবির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় এই জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ আগস্ট) মাগরিবের নামাজের পর নগরীর দুই নম্বর গেইট এলাকায় শিক্ষার্থীরা গায়েবানা জানাজার নামাজ আদায় করেন। জানাজা শেষে বিশেষ মোনাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের হেদায়েত কামনা করেন তারা। এরপরই সেখান থেকে সরে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবির পরেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টো বুয়েট শিক্ষার্থীদেরকে মা’র’ধ’র করা হয়েছে। সরকারের এই ভূমিকার প্রতিবাদেই গায়েবানা জানাজা পড়া হয়েছে।
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চুয়েটসহ বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে ২৪ আগস্ট থেকে তিন দফা দাবিতে ক্লাস বর্জন, ব্লকেড কর্মসূচি এবং ২৬ আগস্ট ডিসি অফিসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।













