চবিতে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে আহত শতাধিক, চমেকে চিকিৎসাধীন
- আপডেট সময় : ০৪:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে সংঘর্ষের ঘটনায় এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রোববার (৩১ আগস্ট) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩১ আগস্ট সকালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত এলাকায় স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পক্ষসমূহ আক্রমণাত্মক অবস্থায় রয়েছে।
এ অবস্থায় জনসাধারণের জীবন-সম্পদ রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন উল্লিখিত এলাকায় রোববার দুপুর ২টা থেকে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার আদেশ জারি করেন।
ওই সময়ে এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহনসহ পাঁচ বা ততধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়।













