দুর্গাপুরের সাত গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরের সাতটি গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাবনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রস্তাবনায় বলা হয়, দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম এবং চন্ডিগড় ইউনিয়নের ছয়টি গ্রাম— নাগেরগাতী, বড়ইউন্দ, আলমপুর, নোয়াগাঁও, সিংপুর ও মুনসুরপুরকে বিচ্ছিন্ন করে আনন্দপুর মডেল ইউনিয়ন গঠন করে কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্র করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এলাকাবাসী ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে এ পরিকল্পনা প্রতিহত করবে।

কর্মসূচির আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হাসান আবুচান, বিএনপি নেতা এম রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন খলিফা, ইলিয়াস হোসেন আব্বাসী, আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।















