ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাত দিন পর নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাত দিন পর কাঁচামাটিয়া নদী থেকে জহুরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট ২০২৫) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কাঁচামাটিয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন। নিহত জহুরা খাতুন ওই গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, গত ২৬ জুলাই সকাল ছয়টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন জহুরা খাতুন। অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, “মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের মানসিক প্রতিবন্ধীতার ভাতার কার্ড পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার পর থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।”
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।














