আরব আমিরাতের মসজিদে শামীম ওসমানকে দেখা গেল
- আপডেট সময় : ১০:০০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

আলোচিত রাজনৈতিক ব্যক্তি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এবার দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে।
গত শুক্রবার জুমার নামাজে অংশ নিতে দেখা যায় তাকে। সেই সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, শামীম ওসমান সানগ্লাস পরে মসজিদের একটি চেয়ারে বসে নামাজ আদায় করছেন এবং তার হাতে একটি লাল সুতা বাঁধা রয়েছে। ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের রাজনীতিতে এক সময় ‘গডফাদার’ খ্যাত এই নেতাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা থাকলেও ২০১৪ সালের সাত খুন ঘটনার পেছনে তার নাম উঠে এলেও, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই ওসমান পরিবারের কাউকে আর প্রকাশ্যে দেখা যায়নি। কিছু মাস পর ভারতের দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগায় প্রথমবারের মতো দেখা যায় শামীম ওসমানকে। তখন এক বাংলাদেশি শিক্ষার্থী মোবাইলে তার ছবি ধারণ করেন। সেখানে তাকে গাঢ় গোলাপি হাফহাতা শার্ট ও ছাই রঙের প্যান্ট পরা অবস্থায় দরগার মূল বেদির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পরবর্তীতে তিনি সংযুক্ত আরব আমিরাতে যান বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তার ভাই একেএম সেলিম ওসমানের দেশটিতে দীর্ঘদিন ধরেই যাতায়াত রয়েছে এবং আসমান প্রদেশে তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।













