ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়াতেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে: আবরার ফাহাদের বাবা
- আপডেট সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তার বাবা বরকতউল্লাহ। তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলে শহীদ হয়েছে। এটা ছাড়া তার আর কোনো দোষ ছিল না।”
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শুধু জুলাই মাসের হত্যাকাণ্ডগুলোর বিচার করলেই চলবে না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিংয়ের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের একটি তালিকা প্রণয়ন করতে হবে এবং সবার বিচারের আওতায় আনতে হবে।”
এর আগে সকাল পৌনে ১০টায় সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ শুরু হয়। দুপুর ২টায় মূল পর্বের উদ্বোধন হয়। এতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামি চিন্তাবিদরা উপস্থিত ছিলেন। সারাদেশ থেকে আসা লাখো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল ছাড়িয়ে আশপাশের এলাকায়ও ভিড় ছড়িয়ে পড়ে।













