‘আমি তাদের পাপেট নই’: মা-বাবার সঙ্গে আপস করলেন সেই তরুণী
- আপডেট সময় : ১১:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মা-বাবার বিরুদ্ধে করা মামলা শেষমেশ আপসে গড়াল। রাজধানীর এক ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ১৯ বছর বয়সী মেহরীন আহমেদ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জানান, তিনি মা-বাবার সঙ্গে আপসে পৌঁছেছেন। আদালত মামলাটি খারিজ করে দেন।
মামলার শুনানিতে আগে তিনি জানিয়েছিলেন, নিজের সুরক্ষা ও ন্যায়বিচারের প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতে তিনি বলেছিলেন, “আমি তাদের পাপেট নই। আমাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। আমাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আমায় আরও হেনস্তা করা হয়েছে।”
মামলায় উল্লেখ করা হয়েছিল, প্রাপ্তবয়স্ক হয়েও অভিভাবকদের দ্বারা তাঁর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন অব্যাহত রয়েছে।
গত ২২ জুন মেহরীন মামলাটি করেন। ১০ জুলাই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার উভয়পক্ষ আদালতে হাজির হয়ে আপসের বিষয়টি জানালে আদালত মামলাটি খারিজ করে দেন।
মেহরীনের আইনজীবী সুমাইয়াদ শাহরিয়ার মামলার খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।















