ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেত্রী পুতুল গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৩১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন পুতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান, সরকার পক্ষের বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া একটি মামলা বর্তমানে চট্টগ্রাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
পুতুল নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের বাসিন্দা। তার গ্রেপ্তারের ঘটনায় থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, সাবিনা ইয়াসমিন পুতুল ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, কটূক্তি ও অবমাননাকর আচরণ করেছেন। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা আরও জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হলেও তিনি নিজেকে জনতার ভাইস চেয়ারম্যান দাবি করে ক্ষমতার দাপট দেখিয়ে আসছেন। তার আচরণে সাধারণ মানুষ অতিষ্ঠ বলেও দাবি করেন তারা।














