‘চাঁদাবাজি নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী নেতাকর্মীর ওপর এনসিপির হামলার অভিযোগ
- আপডেট সময় : ০৭:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

চাঁদাবাজি সংক্রান্ত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়াত তূর্যের ওপর হামলার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর আহত অবস্থায় তূর্যকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৮ জুলাই) এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে শহরের ফৌজদারি মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে তূর্য বন্ধুবান্ধবসহ ফৌজদারি মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এনসিপি জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল তাকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় তূর্য অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে শহরের এম. এ. রশিদ হাসপাতালে নিয়ে যান।
তূর্যের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে তার সঙ্গে বর্তমানে তার মা অবস্থান করছেন। হামলার পর ভুক্তভোগী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার চেষ্টা করেছেন।
তূর্য জানান, “কয়েক দিন আগে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এনসিপি নেতা আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের জেরেই আজকের এই হামলা।”
ঘটনার প্রত্যক্ষদর্শী দিয়া বলেন, “আমরা তিন বন্ধু ফৌজদারি মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ এক যুবক এসে তূর্যকে জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? এরপরই পেছন থেকে ২০–২৫ জন এসে তাকে ঘিরে ফেলে এবং মারধর শুরু করে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আবিদ সৌরভ। তিনি বলেন, “আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। কে বা কারা তূর্যর ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে আমার জানা নেই।”
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল আতিক বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন তরুণকে সাফায়াত তূর্যকে ঘিরে মারধর করতে দেখা যায়। ভিডিওটি ঘিরে ইতিমধ্যে সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।














