গফরগাঁওয়ে শিবগঞ্জ রেলক্রসিং যেন মরণ ফাঁদ, স্থানীয়দের জরুরি সংস্কারের দাবি
- আপডেট সময় : ০২:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের অন্যতম ব্যস্ততম শিবগঞ্জ রেলক্রসিংটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই এই ক্রসিং পার হওয়ার সময় উল্টে যাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল। এতে আহত হচ্ছেন যাত্রীরা। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ রেলক্রসিংটি পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ যাতায়াতপথ। প্রতিদিন হাজারো যানবাহন এই ক্রসিং ব্যবহার করে। নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ভালুকা থেকে গফরগাঁও শহরে প্রবেশ এবং প্রস্থানকারী যানবাহনের চলাচলের প্রধান রুট এটি। তবে বেশ কিছুদিন ধরেই ক্রসিংয়ের দুই পাশে সড়কে তৈরি হওয়া দুটি বড় গর্ত বৃষ্টির পানিতে ভরে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রায়শই এসব গর্তে পড়ে যানবাহন উল্টে যাচ্ছে এবং যাত্রী আহত হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী এমএ হাসান বলেন, “প্রতিদিন চোখের সামনে দেখি—কার কোথায় উল্টে পড়ে, কে আহত হয়। বড় কর্তারা তো এই রাস্তা দিয়েই চলাফেরা করেন, কিন্তু কেউ কোনো উদ্যোগ নেন না।”
গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান জানান, “আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু বরাদ্দ না থাকায় সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না। যেহেতু এটি পৌর এলাকার ভেতরে পড়ে, তাই পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”
গফরগাঁও স্টেশন মাস্টার মোঃ আব্দুল্লাহ আল হারুন বলেন, “শিবগঞ্জ রেলক্রসিংয়ের দুরাবস্থার কথা শুনে আমি পরিদর্শনে গিয়েছি। সেখানে যানবাহন উল্টে আহত হওয়ার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে। তবে এ বিষয়ে রেলওয়ের হাতে কোনো ক্ষমতা নেই।”
এ বিষয়ে গফরগাঁও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ বলেন, “স্থানীয়দের পক্ষ থেকে পৌরসভায় লিখিত আবেদন পেলে বিষয়টি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ—দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ চোখে পড়েনি। তারা অবিলম্বে এই রেলক্রসিং সংলগ্ন সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে বড় কোনো প্রাণহানির ঘটনা না ঘটে।














