লক্ষ্মীপুরে জিপিএ-৫ পাওয়া ৩৫০ শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা
- আপডেট সময় : ০২:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৬ জুলাই) সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে শিবিরের লক্ষ্মীপুর শহর শাখার ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং প্রধান বক্তা ছিলেন শিবির কেন্দ্রীয় কমিটির শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা। সভাপতিত্ব করেন শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আবদুল আউয়াল হামদু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ এবং পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ।
বক্তারা বলেন, এই কৃতিত্ব শুধু শিক্ষার্থীদের নয়, তাদের অভিভাবক ও শিক্ষকদেরও। জাতিকে এগিয়ে নিতে ভবিষ্যতে এসব মেধাবীদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, আদর্শ, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে ওঠার আহ্বান জানান।













