মাত্র ১১ মাসে কোরআনের হাফেজ হলেন কুমিল্লার সোহান
- আপডেট সময় : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

মাত্র ১১ মাসেই পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১৩ বছর বয়সী মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান। কম সময়ে হিফজ সম্পন্ন করায় মাদ্রাসার শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
সোহান উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া এলাকার সৌদি প্রবাসী মুহাম্মদ সোহেল রানা ও মেরিনা আক্তার দম্পতির সন্তান। ২০২৩ সালে তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানেই মাত্র ১১ মাসে কোরআন হিফজ সম্পন্ন করেন।
সোহান জানান, “মা-বাবার ইচ্ছা পূরণ করতে আমি দিনরাত পরিশ্রম করেছি। সবাই যখন ঘুমাত, তখন আমি একা উঠে হিফজ করতাম। শিক্ষকদের সহযোগিতা, পরিবার ও সকলের দোয়ায় আমি সফল হয়েছি। ভবিষ্যতে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই।”
মাদ্রাসার প্রধান হাফেজ মুহাম্মদ রবিউল্লাহ সিকদার বলেন, “সোহান ছিল অত্যন্ত মনোযোগী ছাত্র। তাকে যতটুকু পড়া দেওয়া হতো, সে তার চেয়েও বেশি মুখস্থ করে দিত। পড়ার প্রতি তার আগ্রহ ও নিষ্ঠা দেখে আমরা তাকেও সর্বোচ্চ সহযোগিতা করেছি।”
প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, সোহান বর্তমানে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে। তার মতো অধ্যবসায়ী ছাত্রদের মাধ্যমে আগামী দিনে ইসলামের খেদমতে দেশ আরও সমৃদ্ধ হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।














