জমিয়ত নেতা মুশতাক গাজীনগরী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দলের
- আপডেট সময় : ০৮:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে হত্যা করার ঘটনার রহস্য উদঘাটন, হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দলটি।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী একজন বিশিষ্ট আলেম, ত্যাগী সংগঠক ও আদর্শ শিক্ষক ছিলেন। সুদীর্ঘকাল ধরে তিনি শিক্ষকতা ও সাংগঠনিক কাজে নিবেদিতপ্রাণভাবে কাজ করেছেন।
তথ্যমতে গত ২ সেপ্টেম্বর রাত ৮টায় তিনি সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০টায় দিরাই রাস্তা পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসিটিভিতে তাকে দেখা যায়। রাত সাড়ে ১১টায় একই স্থানের আরেকটি সিসিটিভিতে তিনি দৃশ্যমান হন। রাত ১১টা ৪০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৫৮ ঘণ্টা পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই থানার শরীফপুর গ্রামের ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে।
সংবাদ সম্মেলনে জমিয়ত মহাসচিব সরকারের কাছে ৪ দফা দাবি তুলে ধরেন—
১. অনতিবিলম্বে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে।
২. পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
৩. সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে।
৪. নির্বাচনের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন:
- » ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক
- » নিখোঁজের ৫৭ ঘণ্টা পর নদী থেকে জমিয়ত নেতা মুশতাকের মরদেহ উদ্ধার
- » নেত্রকোণায় জমিয়তের মানববন্ধন: মাওলানা মুশতাক হত্যার বিচার দাবী
এ সময় উপস্থিত ছিলেন জমিয়ত সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাতহারী, মুফতি আফযাল রাহমানী, মাওলানা রাশেদ ইলিয়াস, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি জাবের কাসেমী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম কাসেমী, ছাত্র জমিয়ত সভাপতি রিদওয়ান মাযহারী, মাওলানা হাসান আহমদ ও মাওলানা বোরহানউদ্দিন প্রমুখ।
এসইউটি/














