নিখোঁজের ৫৭ ঘণ্টা পর নদী থেকে জমিয়ত নেতা মুশতাকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে নিখোঁজের ৫৭ ঘণ্টা পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা আবু সুফিয়ান এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন মাওলানা মুশতাক। ওই রাতে সাড়ে ১০টার দিকে ফোনে স্ত্রী রুবি বেগমকে জানিয়েছিলেন, তিনি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার শান্তিগঞ্জ থানায় রুবি বেগম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই রাস্তা পয়েন্ট এলাকায় সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক
মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা এবং সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসইউটি/











