ময়মনসিংহে জামায়াতের অমুসলিম শাখার আলোচনা সভা
- আপডেট সময় : ১০:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম (সনাতন ধর্মাবলম্বী) শাখার উদ্যোগে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নগরীর ছোটবাজারে জেলা জামায়াতের অমুসলিম শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবব্রত নাগ (ভুলু)-এর সভাপতিত্বে এ আয়োজন হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল। বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুসলিম, হিন্দু, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ পরস্পর ভাই-ভাই হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।”
তিনি অভিযোগ করেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ইসলামী এ ধরনের অপচেষ্টা প্রতিহত করবে। ইসলামের আদর্শ মেনে চললেই সমাজে প্রকৃত ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
গত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মাওলানা এমরুল আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের ছত্রছায়ায় কিছু মহল ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ লুটপাট করেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়েছে। “কোনো অবস্থাতেই মুসলিম-হিন্দু ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করা যাবে না”—বলেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন, অমুসলিম শাখার যুগ্ম আহ্বায়ক উত্তম ভট্টাচার্য, সদর অমুসলিম শাখার সেক্রেটারি খোকন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক অমুসলিম অংশ নেন।
এসইউটি/
















