ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ১১ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ
- আপডেট সময় : ০১:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসার সংকটে মানবিক বিপর্যয়ের মুখে পড়া দেশটিতে জরুরি সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১ দশমিক ২২৭ টন ত্রাণ নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়। আইএসপিআর জানায়, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ঔষধ। এগুলো হস্তান্তরের পর বিমানটি আজই দেশে ফিরে আসবে।
সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন প্রেস ব্রিফিংয়ে জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সবসময় বিপর্যস্ত জনগণের পাশে দাঁড়ায়। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আইজে/















