ঢাকা মেডিকেলে আসিফ নজরুলকে অবরুদ্ধ করলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও ছাত্র-জনতা
- আপডেট সময় : ০২:২০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরকে দেখতে হাসপাতালে প্রবেশ করলে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় তাকে প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা গেছে।
এর আগে রাত ১১টার দিকে বিজয়নগরে সংঘর্ষে আহত হয়ে নুরকে ঢামেকের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, “আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর চড়াও হয়। এতে নুর ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।”
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে আল রাজী টাওয়ারের সামনে সংঘর্ষে নুরসহ শীর্ষ নেতারা আহত হন।
এছাড়া সন্ধ্যায় একই এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “সংঘর্ষে গণঅধিকার পরিষদের চার নেতাকর্মী ও এক পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।”
আহতদের মধ্যে রয়েছেন—গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মেহবুবা ইসলাম (৩০) এবং পুলিশ ইন্সপেক্টর আনিসুর রহমান (৪২)।
এসইউটি
















