পুলিশের গায়ে হাত দিলে ছাড় দেওয়া হবে না : ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি
- আপডেট সময় : ১২:৪২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি পৃথক হামলার ঘটনায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। তিনি বলেছেন, পুলিশের গায়ে হাত দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি আতাউল কিবরিয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পূর্ণ মনোবল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে। কিন্তু পুলিশের ওপর হামলার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িতদের আইনের দৃষ্টিতেই দেখা হচ্ছে এবং পুলিশের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।”
এর আগে গত ২২ আগস্ট ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়ার ঘটনায় ৯৯৯ কলে সাড়া দিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন। সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে গত ২৫ আগস্ট হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মামলার তদন্ত করতে গিয়ে হামলার শিকার হন থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৬) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
হালুয়াঘাট পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাগর সরকার বলেন, বাদী আমিনুল ইসলামের দায়ের করা একটি সি.আর মামলার তদন্তে গেলে বিবাদী আব্দুর রশিদ ও তার স্ত্রী পুলিশের সামনেই বাদী পক্ষকে গালমন্দ শুরু করেন। এতে প্রতিবাদ জানালে তারা লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, হামলার ঘটনাটি আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে পুলিশ আইনের দৃষ্টিতেই কাজ করছে এবং সরকারি কাজে বাঁধা কোনোভাবেই সহ্য করা হবে না।
এসইউটি/
















