তিন দফা দাবিতে ফের শাহবাগ অবরোধে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফলে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি:
১. ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান) পদে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য সমান নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং। কোনোভাবে কোটা বা সমমান পদ সৃজন করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান) পদে ডিপ্লোমাধারীদের জন্য ১০০% কোটা বাতিল করতে হবে। এই পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
৩. “ইঞ্জিনিয়ার” পদবি ব্যবহারের অধিকার কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। অন্য কেউ এই পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এর আগে মঙ্গলবারও বুয়েট ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছিলেন। সেদিন প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধের পর রাত ৮টার দিকে তারা সরে যান। একই দিনে বনানী ও গাবতলীতেও পৃথক দাবিতে শিক্ষার্থী ও শ্রমিকদের অবরোধ কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছিল।
আজকের অবরোধ প্রসঙ্গে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, “আমরা তিন দফা দাবিতে প্রাথমিকভাবে শাহবাগ অবরোধ করেছি। প্রয়োজনে এখান থেকে অন্য জায়গাতেও যেতে পারি।”
অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় আবারো সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
















