রামুতে বাস-নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২
- আপডেট সময় : ১২:৫০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্কসংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী মারসা পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখী নোহা মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নোহা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ভেতরে কয়েকজন যাত্রী চাপা পড়ে যান। ঘটনাস্থলেই নোহার চালক ও এক শিশু প্রাণ হারায়।
দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্রে নিহত নোহার চালকের পরিচয় পাওয়া যায়। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ।
স্বপ্নতরী পার্কের এক কর্মচারী বলেন, “বড় শব্দের পর গিয়ে দেখি নোহা খাদে পড়ে গেছে। ভেতরে একজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু আটকে ছিল।” আরেক প্রত্যক্ষদর্শী জানান, “প্রায় দুই ঘণ্টা পর গাড়ির নিচে চাপা থাকা শিশুটিকে দেখতে পাই।”
খবর পেয়ে রামু থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের অভিযোগ—উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয় এবং শিশুটিকে উদ্ধার করতে সময় লেগে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের সংখ্যা দুইজন এবং আহত চারজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
















