বাকৃবি শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ
- আপডেট সময় : ১২:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। এর আগে সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে তারা স্লোগান দেন এবং পরে প্রশাসনিক ভবনে তালা দেন।
পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন, “টানা ২৫ দিন ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলন চলছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আয়োজিত ভোটে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু এখনও প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকাল আমরা প্রশাসনকে দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছিলাম। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ আমরা রেলপথ অবরোধ করেছি।”
তবে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে আগামী রবিবার সকাল ৯টায় ৮ সদস্যবিশিষ্ট কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের সমাধানে গঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান, সদস্য সচিব ড. মোঃ আসাদুজ্জামান সরকার এবং বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১টা ৫৪ মিনিটে রেললাইন অবরোধ তুলে নেওয়া হয় এবং ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
















