জুমার আজানের অজু করতে গিয়ে ডুবে মারা গেলেন মুয়াজ্জিন
- আপডেট সময় : ১১:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে জুমার নামাজের আজান দেওয়ার জন্য অজু করতে গিয়ে পানিতে ডুবে আফজাল খান (৮০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেলদুয়ার বাজারসংলগ্ন খালের ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আফজাল খান পূর্ব বারইকরণ গ্রামের বাসিন্দা ও দেলদুয়ার বাজারের মুদি ব্যবসায়ী সবুর খানের বাবা। তিনি বিনা বেতনে দেলদুয়ার বাজার মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আজান দেওয়ার জন্য তিনি আগেভাগেই মসজিদে আসেন। এরপর বাজারসংলগ্ন খালের ঘাটে অজু করতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে যান। পরে খোঁজাখুঁজির পর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কুলকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হাসান জানান, অজু করতে গিয়ে পা ফসকে খালে পড়ে তার মৃত্যু হয়েছে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।















