ময়মনসিংহে নবজাতকের মৃত্যুর অভিযোগে প্রাইভেট হাসপাতাল সিলগালা, আটক ৩
- আপডেট সময় : ০৮:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরের ব্রহ্মপল্লী এলাকায় অবস্থিত হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালের অব্যবস্থাপনায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) জেলা সিভিল সার্জনের নির্দেশে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় হাসপাতালের মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত ৪ আগস্ট হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য এক প্রসূতিকে নিয়ে আসেন তার স্বামী, ময়মনসিংহ পুলিশ লাইনের এসআই লুৎফর রহমান। পরীক্ষার জন্য রোগীকে বাইরে নেওয়ার সময় লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যান ওই নারী। পরে তিনি মৃত নবজাতক প্রসব করেন। পরিবারটির অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্মীরা জানান, রোগীটি জামালপুর থেকে রেফার্ড হয়ে এসেছিল এবং ভর্তি করার সময় হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। তড়িঘড়ি করে রোগীকে সিঁড়ি দিয়ে নামিয়ে নেওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জন নন্দী, কর্মী পাপ্পু ও মজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম। তিনি বলেন, “হাসপাতালটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল, তাই প্রশাসনের নির্দেশে এটি বন্ধ করা হয়েছে।”
জেলা সিভিল সার্জন মোঃ ছাইফুল ইসলাম খান জানান, হাসপাতালটির লাইসেন্স থাকলেও তা নবায়ন করা হয়নি। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ঘটনায় এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।















