গাজীপুরে সাংবাদিক হত্যায় খেলাফত বাংলাদেশ মজলিস মহাসচিবের ক্ষোভ ও নিন্দা
- আপডেট সময় : ১২:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তার কাছে তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু নির্মম নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার প্রতিচ্ছবি। তিনি নিহতের রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মাওলানা জালালুদ্দীন জানান, তুহিন সাংবাদিকতার দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। হত্যার কয়েক ঘণ্টা আগে তিনি চাঁদাবাজি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছিলেন—এরপরই তাকে হত্যা করা হয়। এটি প্রমাণ করে অপরাধীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা গণমাধ্যমের কণ্ঠ স্তব্ধ করে দিতে দ্বিধা করছে না।
তিনি বলেন, বর্তমান শাসনব্যবস্থায় অপরাধের প্রশ্রয়, বিচারহীনতা ও দুর্বৃত্তদের প্রভাবের কারণে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। যেখানে প্রকাশ্যে সাংবাদিক হত্যা সম্ভব হচ্ছে, সেখানে সাধারণ নাগরিকের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ।
খেলাফত মজলিসের মহাসচিব অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাজের বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
















