গাজীপুরে সাংবাদিক হত্যা জাতির জন্য অশনি সংকেত: মিয়া গোলাম পরওয়ার
- আপডেট সময় : ০৬:২৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।
পরওয়ার বলেন, “আসাদুজ্জামান তুহিন সেদিন গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছিলেন। রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। এতে স্পষ্ট, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত।”
তিনি অভিযোগ করেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানেই হামলা করছে না, চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়েও একে অপরকে হত্যা করছে।
তিনি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং দ্রুত সময়ের মধ্যে তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।















