ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে কনের বাবা-সহ নিহত ২, আহত ৩
- আপডেট সময় : ১২:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। কনের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ড্রামট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কনের বাবা মো. মুঞ্জু মিয়া (৪০) এবং আলাউদ্দিন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন।
দুর্ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গফরগাঁও-হোসেনপুর সড়কের শিলাসী নূর মসজিদ এলাকায়।
নিহত মুঞ্জু মিয়া গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের বাসিন্দা এবং অপর নিহত আলাউদ্দিন যশরা ইউনিয়নের যশরা গ্রামের ওয়াহেদুল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে পরদিন মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে অংশ নিতে যাচ্ছিলেন তাঁরা। পথিমধ্যে একটি দ্রুতগামী ড্রামট্রাকের সঙ্গে তাঁদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে এবং আরও তিনজন গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পরপরই ড্রামট্রাকটির চালক পালিয়ে যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ বাচ্চু মিয়া বলেন, “ঘটনাস্থল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
















