নৌকার মতো ভাসছিল মাইক্রোবাস, দরজা খুলল না—হারালেন মা, স্ত্রী, মেয়ে সবাই
- আপডেট সময় : ০২:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের সাতজন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় গাড়ি নৌকার মতো ভাসছিল, কিন্তু চালক দরজার লক খুলে না দেয়ায় তার মা, স্ত্রী, মেয়ে, নানীসহ প্রিয়জনদের হারাতে হয়েছে বলে জানান তিনি।
বাহার উদ্দিন বলেন, “ড্রাইভারকে বারবার বলেছি লক খুলতে। লক খুলে দিলে সবাই সাঁতার কেটে বের হয়ে যেত। গাড়ি জাহান্নামে যাক, তুই আগে লক খোল। পরে সে জানালা দিয়ে বের হয়ে গেছে। আমরা কয়েকজন জানালা ভেঙে বের হয়েছি, বাকিরা আর পারেনি।”
তিনি আরও বলেন, “যদি লক খুলতো তাহলে সবাই বেঁচে যেতো। আমি তাদের বারবার নিষেধ করেছিলাম না আসতে, কিন্তু তারা শোনেনি।”
জানা যায়, বাহার উদ্দিন ওমান থেকে তিন বছর পর দেশে ফিরছিলেন। তাকে স্বাগত জানাতে ঢাকা যান তার পরিবারের সদস্যরা। ফেরার পথে বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের জগদীশপুরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়।
নিহতরা হলেন: বাহার উদ্দিনের নানী ফয়েজ্জুনেছা (৮০), মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (২৪), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি রেশমি আক্তার (৮), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও মেয়ে মীম আক্তার (২)।
প্রবাসীর বাবা আব্দুর রহীম বলেন, “ড্রাইভার বারবার ঝিমাচ্ছিল। আমরা তাকে বারবার বলেছি ঘুমিয়ে নিতে। কিন্তু সে শোনেনি। বাংলাবাজার পার হওয়ার পর হঠাৎ ঝিম থেকে সজাগ হয়ে গাড়ি খালে ফেলে দেয়।”
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। কয়েকজন জানালা ভেঙে বের হয়ে বেঁচে গেলেও বাকিরা ভেতরেই মারা যান।
















