“যারা ইসরায়েলকে গণহত্যাকারী বলতে পারে না, তারা আমাদের কীভাবে মানবাধিকার শিখাবে?”
- আপডেট সময় : ০৭:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব বলেছেন, “যারা ইসরায়েলকে গণহত্যাকারী বলতে পারে না, তারা আমাদের কীভাবে মানবাধিকার শিখাবে?” শনিবার (২ আগস্ট) জুলাই আন্দোলনে হতাহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহতাব বলেন, “জুলাই আন্দোলনের অনেক মাস্টারমাইন্ড আছেন, যারা নিজে সামনে যাননি, আপনাদেরকে সামনে পাঠিয়েছেন। আমি কিন্তু কাউকে সামনে যেতে বলিনি যতক্ষণ পর্যন্ত আমি নিজে সামনে ছিলাম না। আমি আমার ছেলেমেয়েদের সামনে গিয়ে বলেছি—গুলিটা ছাত্রদের গায়ে লাগার আগে আমার গায়ে আসা উচিত। আমি একজন শিক্ষক হিসেবে সামনে ছিলাম, দায়িত্ব নিয়েই।”
তিনি বলেন, “জুলাইয়ে আমরা কী চাইছি? সংস্কার চেয়েছি। কিন্তু সেই সংস্কার আদৌ কি আমরা পাচ্ছি? এটা মূল্যায়নের সময় এসেছে। হতাশা থাকতেই পারে, কিন্তু তা প্রাপ্য কি না, সেটা ভাবতে হবে।”
আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “আজ মানবাধিকার অফিস এসে আমাদের নসিহত করছে। অথচ জাতিসংঘ আজও পরিষ্কারভাবে বলতে পারেনি যে ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে। যারা এতটুকু সত্য বলতে পারে না, তারা আমাদেরকে মানবাধিকার শেখাবে? এটা অত্যন্ত হাস্যকর।”
তিনি আরও বলেন, “২০১৩ সালে যখন আমাদের ওপর গণহত্যা চালানো হলো, তখনও এই তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর দেখা পাওয়া যায়নি। আজ শেখ হাসিনার নিপীড়নের বিরুদ্ধে তারাও নীরব। অথচ এখন আমাদের মুখে মানবাধিকারের পাঠ দিচ্ছে। এটা শুধু হাস্যকর নয়, বেদনাদায়কও।”
















