গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের দায় গোটা বিশ্বের: শায়খ আহমাদুল্লাহ
- আপডেট সময় : ০৬:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

গাজায় চলমান ইসরাইলি নৃশংসতা ও কৃত্রিম দুর্ভিক্ষের জন্য পুরো বিশ্ববাসীকে দায়ী করেছেন দেশের খ্যাতিমান আলেম ও ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের সন্তানদের একবেলার ক্ষুধার কষ্ট দেখলে আমরা দিশেহারা হয়ে যাই। অথচ গাজার লক্ষ লক্ষ শিশু দিনের পর দিন না খেতে পেয়ে তিল তিল করে মারা যাচ্ছে। মানবতার ধ্বজাধারীরা একদিকে তাদের ওপর বোমা ফেলছে। আবার যারা বোমা থেকে বেঁচে যাচ্ছে, তাদেরকে মারছে খাবারের কষ্ট দিয়ে।’
তিনি আরও বলেন, ‘এই বিপুল খাদ্য উৎপাদন ও খাদ্য অপচয়ের যুগে এই পৃথিবীরই একটি ভূখণ্ডে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হচ্ছে। আমাদের চোখের সামনে একটি জীবন্ত শহরকে গোরস্তান বানিয়ে ফেলা হচ্ছে। অথচ তার কোনো অভিঘাত আমাদের জীবনের ওপর পড়ছে না। আরব বিশ্ব, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা কিংবা বিশ্বনেতারাও নিশ্চুপ। আটশ কোটি মানুষ—আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করবো!’
পোস্টের শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো!’
















