কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণহানি, রেলপথ অবরোধ করে বিক্ষোভ—তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রেললাইনে উঠেপড়া একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালকসহ পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ট্রেন চলাচল ব্যাহত হয়। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার স্থানটিতে কোনো গেটম্যান নেই, তবে নিজ দায়িত্বে পারাপারের নির্দেশনা সাঁটানো আছে। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার সদস্যরা হলেন সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী নির্বাহী প্রকৌশলী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশাটি ট্রেনের সামনে আটকে পড়লে সেটিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল রশিদনগর রেলক্রসিংয়ে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। এবারের ঘটনায় অটোরিকশাটি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে রামুর দিকে যাচ্ছিল।















