সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার
- আপডেট সময় : ০৪:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

সমন্বয়ক পরিচয় ব্যবহার করে গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক উদ্ধার করেছে পুলিশ।
রিমান্ডে থাকা রিয়াদের দেয়া তথ্যে ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে ওই চেকটি উদ্ধার করা হয়। জানা গেছে, আগামী ২ আগস্ট চেকটি নগদায়নের সময় নির্ধারিত ছিল।
পুলিশ জানায়, আওয়ামীপন্থি এক ব্যবসায়ীর গুলশানের জমি উদ্ধারের জন্য রিয়াদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি হয়। ওই চুক্তির অংশ হিসেবে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক রিয়াদের ঘরে পাওয়া যায়। এছাড়াও তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআরের কাগজ জব্দ করা হয়েছে, যেগুলোর প্রতিটিতে কমপক্ষে ২ লাখ টাকা করে জমা রয়েছে।
পুলিশ আরও জানায়, রিয়াদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে দেখা গেছে, গত কয়েক মাসে সেখানে ৬০ থেকে ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে।
এ বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, রিমান্ডে এনে রিয়াদকে জিজ্ঞাসাবাদ ও অভিযান চালানো হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।














