ময়মনসিংহে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন,বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
- আপডেট সময় : ০২:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

“বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা: ময়মনসিংহ বিভাগ” — এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো “ময়মনসিংহ বিভাগ ব্যবসায়ী সম্মেলন ২০২৫”। স্থানীয় উদ্যোক্তা, শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের সরব উপস্থিতিতে সিলভার ক্যাসেল মিলনায়তনে সম্মেলনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোঃ মনসুর আলম চন্দন।
সম্মেলনে বক্তারা ময়মনসিংহ বিভাগে বিনিয়োগ সম্ভাবনা, ব্যবসা-বাণিজ্যের প্রসার, নীতিমালা সংস্কার, উদ্যোক্তাদের সুবিধা-অসুবিধা, এবং নতুন বাজার সৃষ্টি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বিশেষ করে স্থানীয় পর্যায়ে শিল্পাঞ্চল গড়ে তোলা, পরিবহন ও অবকাঠামোগত উন্নয়ন, ব্যাংকিং সুবিধা সহজীকরণ, ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের সম্মেলন শুধু যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রই নয়, বরং আঞ্চলিক অর্থনীতির উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখতে পারে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়ী সমাজে নতুন উদ্যম, সম্পর্কের সেতুবন্ধন, এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহ প্রদানে ইতিবাচক বার্তা পৌঁছেছে।
















