কৃষি বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর জমি দখল, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর বলাশপুর হাক্কানীর মোড়ে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রায় কোটি টাকার জমি জবরদখলের অভিযোগ উঠেছে একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে। রবিবার (২০ জুলাই ২০২৫) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান যন্ত্র প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে বলাশপুর মৌজায় ৪ শতাংশ জমি ক্রয় করেন তিনি, যাহার সাবেক দাগ নং-২৩০, বর্তমান দাগ নং-৬৫২৭, খতিয়ান নং-২২৯৬ ও হোল্ডিং নং-২৩৫২। জমি ক্রয়ের পর থেকে তিনি সেখানে বাউন্ডারি নির্মাণ ও নামফলক স্থাপন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
কয়েক দিন আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে আল-আমিন নামের এক ব্যক্তি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, চক্রের অন্য সদস্য বাবু ও শফিকুল ওরফে সফি তাকে ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করে এবং চাঁদা প্রদানের জন্য চাপ দিতে থাকে। এমনকি গত ১৬ জুলাই তারা মনিরুজ্জামানের কর্মস্থলের সামনেও গিয়ে রাস্তায় অবরোধ করে চাঁদা দাবি করে এবং ২৪ ঘণ্টার মধ্যে জমি দখলের হুমকি দেয়।
অভিযোগে আরও বলা হয়, হুমকির ৪ দিন পর, ২০ জুলাই রাত ৮টার দিকে চাঁদাবাজ চক্রটি ওই জমির বাউন্ডারির গেটের তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে, নামফলক ভেঙে তাদের নিজেদের নাম টাঙিয়ে দেয় এবং সেখানে টিনের চালা ঘর নির্মাণ শুরু করে। জমির প্রকৃত মালিক মনিরুজ্জামান ঘটনাস্থলে গেলে আল-আমিন, বাবু, সফিকুল ওরফে সফি, আনোয়ারা বেগম, মারুফসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন তাকে বেধড়ক মারধর করে এবং অস্ত্রশস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই চক্র যে কোনো সময় তাকে বা তার পরিবারের সদস্যদের হত্যা, গুম বা গুরুতর ক্ষতি করতে পারে।
















