শায়খ আহমাদুল্লাহর নতুন বইয়ের নাম প্রস্তাব করে পুরস্কার জেতার সুযোগ
- আপডেট সময় : ০৯:৪৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

প্রখ্যাত দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সাধারণ মুসলমানদের জন্য প্রয়োজনীয় জ্ঞানভিত্তিক একটি নতুন বই লেখার কাজ শুরু করেছেন। বইটি প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী ১ নভেম্বর। বইটির জন্য একটি অর্থবহ ও মানানসই নাম আহ্বান করেছেন তিনি, যার নাম নির্বাচিত হবে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই বিশিষ্ট আলেম।
রোববার (২০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ লিখেন, বহুদিন ধরেই এমন একটি বই লেখার স্বপ্ন পোষণ করছিলেন, যা প্রতিটি মুসলমানের জন্য দীনের অপরিহার্য জ্ঞান আহরণের মাধ্যম হবে। তিনি উল্লেখ করেন, বইটিতে ঈমান, ইবাদত, লেনদেন, বিবাহসহ ইসলামের মৌলিক ও জরুরি বিষয়সমূহ কুরআন ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে উপস্থাপিত হবে।
বইটির মাধ্যমে একজন সাধারণ মুসলমান নিজের দ্বীনি প্রয়োজন মেটাতে পারবেন এবং দৈনন্দিন জীবনে ইসলামী জীবনচর্চায় সহায়তা পাবেন বলেও জানান শায়খ আহমাদুল্লাহ।
তিনি আরও বলেন, বইটির জন্য একটি উপযুক্ত নাম প্রয়োজন। আগ্রহীরা মন্তব্যের ঘরে নাম প্রস্তাব করতে পারবেন। নির্বাচিত নামদাতাকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। যদিও সবাই পুরস্কার পাবেন না, তবুও এই ভালো কাজে অংশগ্রহণের সওয়াব প্রত্যেকের জন্য থেকে যাবে ইনশাআল্লাহ।
এস/
















