বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির
- আপডেট সময় : ১২:০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে সহিংস হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ফরিদপুর ও রাজবাড়ীতে পূর্ব নির্ধারিত পদযাত্রা ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ছাত্রলীগ একটি ‘জঙ্গি সংগঠনে’ পরিণত হয়েছে এবং তারা পূর্ব পরিকল্পিতভাবে গোপালগঞ্জে এনসিপির গাড়িবহর ও সমাবেশে হামলা চালিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, “আমরা পুলিশ প্রশাসনের নিরাপত্তা অনুমতি নিয়েই গোপালগঞ্জে প্রবেশ করেছি। তারপরও আমাদের বহরে হামলা হয়েছে, গাড়ি পুড়েছে, নেতা-কর্মীরা আহত হয়েছেন, ইউএনও ও পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। প্রশাসনের দেরি করে তৎপরতা দেখানো প্রমাণ করে, এখানে স্যাবোটাজ থাকতে পারে। বিষয়টি তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জ আওয়ামী লীগের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। মামলার আসামিরা এখানে অবস্থান করছে। সেখানে কোনো ভিন্নমতের রাজনীতি সহ্য করা হয় না—এই ধারণা ভেঙে দিয়েছে এনসিপি। আজকের হামলার মধ্য দিয়ে তারা ‘মুজিববাদী জঙ্গি’ চেহারা জাতির সামনে উন্মোচন করেছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ।
এদিন সন্ধ্যায় সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের নিরাপত্তা কর্ডনের মধ্যে খুলনা সার্কিট হাউজে পৌঁছান এনসিপি নেতারা। তাদের বহরের কিছু গাড়িতে ভাঙচুরের চিহ্ন ছিল এবং আহত কর্মীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নাহিদ ইসলাম বলেন, “আমরা পদযাত্রার মাধ্যমে জনগণের কথা শুনতে চাই, তাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। গোপালগঞ্জ দেশের অংশ, বাইরের কোনো অঞ্চল নয়। সেখানে অবস্থানরত সব মামলার আসামিদের আইনের আওতায় আনতে হবে।”













