ঝিনাইদহে ইউপি সচিবকে তুলে নিয়ে পরিষদে তালা, বিএনপি নেতা মহিদুলসহ আটক ৬
- আপডেট সময় : ০৪:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, ভিজিডি কর্মসূচির চাল বিতরণে তালিকা তৈরি নিয়ে ইউপি সচিব হাফিজুর রহমানকে কয়েকদিন ধরে চাপ দিয়ে আসছিলেন বিএনপি নেতা মহিদুল ইসলাম। কিন্তু দাবি অনুযায়ী তালিকা না মেলায় বৃহস্পতিবার সকালে ২০-২৫ জন অনুসারী নিয়ে পরিষদে গিয়ে সচিবকে টেনে-হিঁচড়ে বের করে নেন তিনি। এসময় পরিষদের ভেতরে থাকা কর্মচারী ও সেবাপ্রত্যাশীদের ভিতরে রেখেই প্রধান ফটকে তালা দিয়ে দেন তারা।
পরবর্তীতে মহিদুল ইসলাম সচিবকে নিয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। এর আগে ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মহিদুল ইসলামসহ ছয়জনকে আটক করে এবং সচিবকে উদ্ধার করে।
উপজেলা প্রশাসন ও পুলিশ পরে ইউনিয়ন পরিষদের তালা ভেঙে আটকে পড়া লোকজনকে বের করে আনে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, সরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











