বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া ছেলেসহ ৩ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:১৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে

নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় নিজের মা বিলকিস আক্তারকে (৬২) বাবার রেখে যাওয়া বাড়িতে ঢুকতে না দেওয়ায় ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভ (৩২) ও আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ঘটনার পর মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার পাশাপাশি গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীদের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় সৌরভ ও তার সহযোগী মোহাম্মদ খোকন (৪৫) এবং নাহিদ ইসলাম (৩৫)–কে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, সোমবার বেলা ১১টার দিকে বিলকিস আক্তার মেয়ের বাড়ি থেকে নিজের দোতলা বাড়িতে ফিরতে চাইলে সিঁড়ির মুখে তালা লাগানো দেখতে পান। তালা খুলে দিতে বললে ছেলে সৌরভ জানিয়ে দেন, তিনি মাকে ঢুকতে দেবেন না। এরপর তিনি সন্ধ্যা ৬টা পর্যন্ত নিচে বসে ছিলেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের কর্মীরা বাড়িতে গেলে সেখানে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে থানায় নিয়ে আসে। সেখানে আলোচনা চলার সময়ও সৌরভ তার মায়ের প্রতি দুর্ব্যবহার করতে চাইলে পুলিশ তাকে আটক করে।
বিলকিস আক্তার বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করলে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০২১ সালে বিলকিস আক্তারের স্বামী মারা যাওয়ার পর থেকে বসতবাড়ির মালিকানা নিয়ে ছেলের সঙ্গে তার বিরোধ চলছিল। ৩০ বছর আগে নির্মিত ওই বাড়িটি তার স্বামীর সম্পত্তি। আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তার তিন সন্তান বসতবাড়ির অংশীদার হলেও ছেলে সৌরভ পুরো বাড়ি নিজের নামে নিতে চাপ দেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে।












