গুলশানে চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন
- আপডেট সময় : ১০:১৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। শুনানির জন্য মামলাটি আদালতে উপস্থাপন করা হয়েছে।
রিমান্ডে নেওয়ার আবেদন করা অন্য তিনজন হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।
এর আগে একইদিন সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং ১৩ বছর বয়সী মো. আমিনুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, ১৭ জুলাই সকাল ১০টার দিকে আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে শাম্মী আহমেদের বাসায় যান। তারা সেখানে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন এবং চাপ প্রয়োগ করতে থাকেন।
একপর্যায়ে বাদী নিজের কাছ থেকে পাঁচ লাখ টাকা এবং ভাইয়ের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা এনে তাদের দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এরপর ১৯ জুলাই রাতে রিয়াদ ও অপু আবার বাসায় গিয়ে দরজায় ধাক্কা মারেন। পুলিশকে অবহিত করা হলে তারা সরে যান।
২৬ জুলাই বিকেলে রিয়াদসহ অন্যরা আবার বাদীর বাসার সামনে গিয়ে বাকি ৪০ লাখ টাকা দাবি করেন। হুমকি দেওয়া হয়, টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। এরপর গুলশান থানা পুলিশ গিয়ে পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করে। এ সময় আসামি কাজী গৌরব অপু পালিয়ে যান।















