যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫’
জুলাই আন্দোলনে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:৫১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে সরকার। এ উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে আগামীকাল সোমবার (২১ জুলাই) নানা আয়োজনে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে–২০২৫’।
ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কে এই আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম ঘাঁটি। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম সমাজের আত্মত্যাগ ও সাহসিকতা আজকের প্রজন্মের জন্য গৌরবময় ঐতিহ্য হয়ে উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ সরকারের উপদেষ্টা, সচিব, লেখক, শিল্পী, গবেষকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
দিনব্যাপী আয়োজনে থাকবে শহিদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, নেতৃত্বদানকারী ব্যক্তিদের অভিজ্ঞতা শোনা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রামাণ্য গল্প, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও নাশিদ পরিবেশনা। প্রদর্শিত হবে ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’ তথ্যচিত্র।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা—ড্রোন শো।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আয়োজনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকাকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে।
















