শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ
- আপডেট সময় : ১২:৩২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

দেশের প্রবীণ আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম মুফতি আহমদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবী থেকে তার চিরবিদায়ে ইসলামী জ্ঞানের এক দিকপালের শিক্ষা থেকে বঞ্চিত হলো এ দেশের মুসলিম সমাজ। তিনি মানুষকে সৎপথে চলার জন্য কোরআন-হাদিসের আলোকে শিক্ষাদান করতেন।
তিনি আরও বলেন, বিনয়, প্রজ্ঞা ও সৌজন্যবোধ ছিল শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর স্বভাবজাত। জ্ঞান ও পাণ্ডিত্যে একজন খ্যাতিমান আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজনশ্রদ্ধেয়।
আরও পড়ুন: জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমাদুল্লাহ আর নেই
দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে হারাল, এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয় বলেও জানান তিনি।
তারেক রহমান শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ আজ (রোববার) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বিদায়বেলায় তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য শিষ্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এসইউটি/














