অবশেষে কারামুক্ত ফারাবী
- আপডেট সময় : ১২:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
এর আগে গত ৩০ জুলাই বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ফারাবীর জামিন মঞ্জুর করেন। পরে চেম্বারেও জামিন বহাল থাকে।
শুনানিতে ফারাবীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম জানান, তাকে ভুল পর্যবেক্ষণের ভিত্তিতেই দণ্ডিত করা হয়েছিল। মামলার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও কেউ ফারাবীর নাম উল্লেখ করেনি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
আইনজীবী আরও জানান, ফারাবী ২০১৫ সালের ৩ মার্চ থেকে এ মামলায় কারাগারে ছিলেন। দীর্ঘ কারাভোগ, সাক্ষ্য-প্রমাণের অবস্থান ও আইনি যুক্তির ভিত্তিতে আদালত তার জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। ওই মামলায় ফারাবীসহ কয়েকজনকে দণ্ডিত করা হয়েছিল।













