বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আর নেই
- আপডেট সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
প্রবীণ এই রাজনীতিকের জীবন ছিল নানা উত্থান-পতনের মধ্য দিয়ে ঘেরা। তিনি প্রথম আলোচনায় আসেন ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে। সেসময় জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
জানা যায়, ১৯৯১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে স্বল্প ব্যবধানে পরাজিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র সাড়ে তিন হাজার ভোটে পরাজিত হন। শেখ হাসিনা ৩টি আসনে বিজয়ী হওয়ার পর বরগুনা-৩ আসন ছেড়ে দিলে অনুষ্ঠিত উপনির্বাচনে মতিউর রহমান তালুকদার বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আসন পুনর্নির্ধারণের পর তিনি বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
মতিউর রহমান তালুকদার মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
islamicbdnews.com/SUT
















