কলম থেমে গেল বোমার শব্দে; ইসরায়েলি আগ্রাসনে নিহত গাজার সাংবাদিক দম্পতি
- আপডেট সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলের সর্বশেষ ধারাবাহিক হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ আল-মুনিরাউই এবং তার স্ত্রী। মধ্য গাজার নুসাইরাতে একটি তাবুর ভেতর আশ্রয় নেয়ার সময় তাদের ওপর বিমান হামলা চালানো হয়। সাম্প্রতিক এই ট্রাজেডি গাজায় সংবাদকর্মীদের ওপর চলমান নিপীড়নের চিত্র আরও স্পষ্ট করে তুলেছে।
গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের হিসাব অনুযায়ী, গাজায় গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২৫৬ জন সাংবাদিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। বিশ্লেষকদের মত, এটি কেবল যুদ্ধের অংশ নয়; বরং গাজাজুড়ে সংঘটিত বর্বরতা, মানবাধিকার লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধকে নথিবদ্ধ করার প্রচেষ্টা দমন করার একটি পরিকল্পিত কৌশল।
গাজায় প্রতিটি নতুন হামলার ঢেউয়ে দেখা যাচ্ছে, ইসরায়েলি বাহিনী প্রায় নিয়মিতভাবেই লক্ষ্যবস্তু করছে সেই সব ফিলিস্তিনি সাংবাদিককে, যারা নিরন্তর তুলে ধরছেন উপত্যকাজুড়ে চলমান ধ্বংসযজ্ঞের নির্মমতা।
গাজায় সাংবাদিক হত্যার এই ধারাবাহিকতা কেবল সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরই নয়, বরং সত্য ও মানবাধিকারের পক্ষে কথা বলার অধিকারেও এক গভীর আঘাত। আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই হত্যাযজ্ঞ থামার সম্ভাবনা ক্ষীণ—আর ততদিন পর্যন্ত গাজার মানুষ ও সত্যের সন্ধানে থাকা সাংবাদিকরা থেকেই যাবেন সবচেয়ে বড় ঝুঁকির মুখে বলে ধারণা বিশ্লেষকদের।
সূত্র: আল জাজিরা
islamicbdnews.com/SUT
















