রুশ সামরিক লক্ষ্যেই টমাহক ব্যবহার করবে ইউক্রেন: জেলেনস্কি
- আপডেট সময় : ০২:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতেই কেবল দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে ক্রেমলিনের উদ্বেগের পর তিনি এই মন্তব্য করেন।
রোববার (১২ অক্টোবর) জেলেনস্কি বলেন, ওয়াশিংটনের দেয়া অস্ত্র ব্যবহার হবে “সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে”। ওই দিনই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কথা বলেন এবং আলোচনাকে “খুবই ফলপ্রসূ” হিসেবে বর্ণনা করেন।
পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার বিষয়ে বিবেচনা করছেন। তবে সেগুলোর ব্যবহার পরিকল্পনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে চান।
টমাহক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার, যা ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার সক্ষমতা দেয়। এই সম্ভাবনায় ক্রেমলিন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “পরিস্থিতি এখন নাটকীয় পর্যায়ে পৌঁছেছে, কারণ উত্তেজনা চারদিকে বাড়ছে। ক্ষেপণাস্ত্রের কিছু সংস্করণ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে—এটিও রাশিয়া উপেক্ষা করতে পারে না।”
রাশিয়ার ধারাবাহিক হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে জেলেনস্কি বলেন, গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে ৩,১০০টিরও বেশি ড্রোন, ৯২টি ক্ষেপণাস্ত্র এবং ১,৩৬০টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে। এসব আক্রমণে জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
আইজে/
















