রামুতে ১১ লক্ষাধিক টাকার চোরাই মাল উদ্ধার, চোর চক্রের ৩ সদস্য আটক
- আপডেট সময় : ০১:২১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে থানা পুলিশের অভিযানে ১১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও আন্তজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ অক্টোবর গভীর রাতে ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস স্টেশন এলাকায় ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে অবস্থিত আবছার প্লাজার প্রধান গেট ও মেসার্স আল-আমিন স্টোরের গোডাউনের শাটারের তালা ভেঙে চোরেরা প্রবেশ করে। তারা প্রায় ১৬ লাখ ৪৭ হাজার টাকার বিভিন্ন প্রকার সিগারেট, সাতটি স্যামসাং স্মার্টফোন, একটি ডিভিআর মেশিনসহ মোট ১৭ লাখ ৬৬ হাজার ৮৩০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশের নজরে এলে আন্তজেলা চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ধারাবাহিক অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে রামু থানা পুলিশের একটি দল কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার চোরাই মাল উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এসইউটি/
















